সুররিয়ালিজম
অনন্য কাওছার
অনন্য কাওছার
যদি বলি মেট্রোরেলের মতো পৃথিবীও সরে যাচ্ছে
অন্ধকার এক পৃথিবীর দিকে, তারকারা মানুষের মতো
হেঁটে হেঁটে পার হচ্ছে একেকটা নদী পাহাড় পেভমেন্ট।
যদি বলি টাইটানিক জাহাজ আবারও সমুদ্রের জলে
ভেসে যাচ্ছে ইউরেনাসের অকল্পিত মহাবিশ্বে,
যদি বলি চাঁদের কক্ষপথে কবিদের জলের প্রতিভা
নেপচুনের অভিমুখে দার্শনিকের জটিল বিশ্লেষণ—
যদি বলি তোমার করতলে সাইবেরিয়ার বৈকালিক
অস্তরাগ, গোধূলির ইন্দ্রনীল পিদিম।
যদি বলি সাঁতারু মার্লিনের মতো সমুদ্রও চলে যাচ্ছে
বহির্জগতের উপত্যকার দিকে, নদীরা ধনুকের মতো
আবারও আদিম মানুষের চোখে ফিরে যাচ্ছে নির্বিঘ্নে
যদি বলি ডাইনোসরের জীবাশ্ম জ্বালানি থেকে
ক্রমে ক্রমে সৃষ্টি হচ্ছে পাহাড়ের লোমহর্ষক দ্বীপ এবং
পঙ্গপালের মতো তারও ধেয়ে আসছে পৃথিবীর দিকে।
যদি বলি নীলতিমির মতো মহাকাশও হারিয়ে যাচ্ছে
প্রাগৈতিহাসিক যুগের লালনীল পাথরের ধ্বংসস্তুপে।
যদি বলি তোমাকে ছাড়া, কেবল তোমারই অবহেলায়
আটলান্টিক মহাসাগরও হয়ে যাচ্ছে আইসবার্গ,
এবং তোমার অভাবে আমার জীবনেও
সতেরো কোটি তিমিরপুঞ্জ।
তবে কি অবাক হবে প্রিয়তমা?
